চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্সবিহীন দাঁতের মাজন তৈরি ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া দাঁতের মাজন তৈরি ও বিক্রির অভিযোগে ‘রিফাত নিমের মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন কেভ’ প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









