ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা এলাকার বিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা ধানক্ষেতে বোরকা পরা অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









