নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে ক্রিকেট টুর্নামেন্টের জন্য তৈরি পিচ রাতের আঁধারে খুঁড়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের উদ্যোগে এবং এসপিএল পরিচালনা কমিটির সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ক্রিকেট ক্লাব ও একাডেমির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন।
সংগঠনের সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আখতার শাহিন, উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, মনোয়ার হোসেন মনু, সাবেক ক্রিকেটার এজাজ, মোক্তার সিদ্দিকী, শামস চুন ও সাবেক কাউন্সিলর মনজুর আলমসহ অন্যরা।
বক্তারা বলেন, ক্রিকেট পিচ নষ্ট করা শুধু খেলার মাঠের ক্ষতি নয়, বরং স্থানীয় ক্রীড়াঙ্গন ও তরুণ খেলোয়াড়দের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা। খেলাধুলার পরিবেশ নষ্টের এ অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে দ্রুত পিচ মেরামতের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান বক্তারা।
উল্লেখ্য, সোমবার রাতে দুর্বৃত্তরা সৈয়দপুর রেলওয়ে মাঠে বিগব্যাশ-১০ টুর্নামেন্ট আয়োজনের জন্য তৈরি করা ক্রিকেট পিচ খুঁড়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









