ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষদ ভবনের সামনের পার্কিংয়ে একটি গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক চালক। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির দরজা খুলতে গেলে হঠাৎ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরকটি ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হামলায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, অনুষদের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় শুধু গাড়িচালক আহত হয়েছেন। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে জানানো হয়েছে এবং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করলে বিস্ফোরকটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হতে পারে।
এদিকে ঘটনার বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি অভিযোগ করেন, ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী ব্যক্তি এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু কর্মচারী এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে একটি ধারণা প্রচারিত হচ্ছে। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









