দ্বীপজেলা ভোলায় নতুন গ্যাসের সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। নতুন এ সম্ভাবনায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হলেও গ্যাসসম্পদ কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কূপটিতে আগুন জ্বালিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়। এ পরীক্ষার মাধ্যমে গ্যাসের প্রবাহ, চাপ ও উৎপাদন সক্ষমতা যাচাই করা হচ্ছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণ শেষে প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন কূপটি উৎপাদনে যুক্ত হলে জেলায় গ্যাসকূপের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জেলায় বর্তমানে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। নতুন গ্যাসের সন্ধানে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এ গ্যাসকে কেন্দ্র করে জেলায় শিল্পকারখানা গড়ে উঠবে এবং বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘ভোলায় দীর্ঘদিন ধরেই গ্যাস রয়েছে। নতুন করে আরও গ্যাসের সন্ধান পাওয়া আমাদের জন্য আনন্দের খবর। আমরা চাই, এই গ্যাস ব্যবহার করে ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হোক এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।’
আরেক বাসিন্দা বলেন, ভোলার গ্যাস জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্থানীয়ভাবে শিল্পায়নের সুযোগ তৈরি হয়নি। নতুন কূপের মাধ্যমে জেলার উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।
স্থানীয়দের দাবি, গ্যাসসম্পদ কাজে লাগিয়ে জেলায় গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল, সার কারখানা ও উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হোক। পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্টরা বলছেন, ভোলা নর্থ-৩ কূপের পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই এর প্রকৃত গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা জানা যাবে। এখন স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ সম্ভাবনা বাস্তবে রূপ নিলে ভোলার শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








