সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা। এ সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, সদস্যসচিব ও প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সদস্যসচিব ও প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘সারা দেশে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশপন্থী শক্তি এবং দেশের জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষক সমাজ মনে করি, এ ধরনের কর্মকাণ্ড সভ্যতার পরিপন্থী। বাংলাদেশ সবার আগে—এই আদর্শে আমরা বিশ্বাস করি। তাই সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করে দেশের মানুষের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করুন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তি কার্যকর করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা কোনো দেশের দাসত্ব করতে এই দেশ স্বাধীন করিনি। এ দেশের বন্ধু থাকবে, কিন্তু প্রভু থাকতে পারবে না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








