আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে সাত সদস্যের সার্চ কমিটি গঠন করেছে স্থানীয় বিএনপি। উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত এ কমিটি ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
সার্চ কমিটির আহ্বায়ক ও বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ মোজাম্মেল হোসেন মণ্ডল জানান, আগামী ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সাত সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মতামতের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। এ প্রক্রিয়ায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে দলীয় প্রার্থী মনোনয়নের সুপারিশ করা হবে।
কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল বলেন, ইতিমধ্যে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে দ্বিতীয় বৈঠক শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতামতের ভিত্তিতে যাঁরা প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন, তাঁদের মনোনয়নের জন্য সুপারিশ করা হবে।
তিনি আরও বলেন, দলীয় ঐক্য বজায় রাখা এবং সমন্বিত ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে উপজেলার প্রতিটি ইউনিয়নেই একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তাঁরা উঠান বৈঠক, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। কেউ কেউ ব্যানার-ফেস্টুন টাঙানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালাচ্ছেন।
সার্চ কমিটি গঠনের পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা আরও বেড়েছে। দলীয় মনোনয়ন পেতে তাঁরা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








