সীতার চরিত্রে অভিনয় করে এই মুহূর্তে শিরোনামে সাই পল্লবী। দক্ষিণী সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপনের জন্যও পরিচিত তিনি। বলিউডেও তিনি এখন অত্যন্ত পরিচিত মুখ।
পর্দায় চরিত্রের প্রয়োজনে নানা ধরনের পরিবর্তন আনতে পিছপা হন না অভিনেত্রী। সম্প্রতি নিজের বহু দিনের লম্বা চুল কেটে ছোট করেছেন তিনি।
রাজকুমার পেরিয়াসামির পরিচালিত ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম— দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করছেন সাই। এই চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ অফিসার মেরিন জোসেফের ছবি দেখিয়েছিলেন পরিচালক।
তার মতোই ছোট চুলের ‘লুক’ চেয়েছিলেন পরিচালক। আর তার কথা অনুযায়ীই চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই জানান, চুল কাটার আগে মাকে কিছুই জানাননি তিনি। নতুন লুকে এসে প্রথমেই ভিডিও কল করে মাকে দেখিয়েছিলেন। কিন্তু ছোট চুলে মেয়েকে দেখে হতবাক হয়ে যান তার মা। কোনও কথা না বলেই আচমকা ফোন কেটে দেন তিনি।
তিনি আরও জানান, এরপর অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের নতুন চেহারা দেখে তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বাবার প্রশ্ন ছিল, “তুমি কি পরচুলা পরেছ’!” তখন সাই তাকে বোঝান, সিনেমার চরিত্রের প্রয়োজনেই চুল কেটেছেন।
অভিনেত্রীর কথায়, “সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু পরিচালকের এই চরিত্রের জন্য এমন ‘লুক’ প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি।”
অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাতে সাইয়ের সঙ্গে অভিনয় করেছেন ধানুশ, মামুট্টি এবং শ্রীলীলা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








