ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের অপূর্ব সমাহার পাবনার চাটমোহর উপজেলা। শত শত বছরের ইতিহাস বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে এখানকার অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ও পুরাকীর্তি। মোগল আমলের মসজিদ, প্রাচীন মন্দির, জমিদারবাড়ি, ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সাহিত্যিকের স্মৃতিবিজড়িত বসতভিটা—সব মিলিয়ে চাটমোহর যেন ইতিহাসের এক জীবন্ত জনপদ। এসব ঐতিহ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসেন ইতিহাস ও ভ্রমণপিপাসুরা।
উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চাটমোহর শাহী মসজিদ, সমাজ শাহী মসজিদ, হান্ডিয়ালের জগন্নাথ দেবের মন্দির, শেঠের বাংলা, সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষ, দেড়শ বছরের পুরোনো রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ হাইস্কুল, বোঁথরের চড়কবাড়ি, পার্শ্বডাঙ্গা জমিদারবাড়ি এবং মথুরাপুর খ্রিস্টান মিশন। পাশাপাশি বৃহৎ চলনবিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের মুগ্ধ করে।
চাটমোহর শাহী মসজিদ
চাটমোহরের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন শাহী মসজিদ। ১৫৮১ সালে সম্রাট আকবরের শাসনামলে সেনা অধিনায়ক মাসুম খাঁ কাবুলী মসজিদটি নির্মাণ করেন। পাবনা জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লায় এর অবস্থান।
চুন, সুরকি ও বাংলা ইট দিয়ে নির্মিত হালকা লাল রঙের মসজিদটি প্রথম দর্শনেই নজর কাড়ে। এর অভ্যন্তরের দৈর্ঘ্য ৩৪ হাত, প্রস্থ ১২ হাত এবং উচ্চতা ৩০ হাত। রয়েছে তিনটি মনোরম গম্বুজ। দেয়ালের গায়ে প্রাচীন নকশা ও কারুকার্যের নিদর্শন আজও দৃশ্যমান। ভেতরের মেহরাবটিও অপূর্ব কারুকার্যে খচিত।
মসজিদের উত্তর পাশে রয়েছে কয়েকটি কবর। ধারণা করা হয়, সেখানে বেশ কয়েকজন ধর্মপ্রাণ ব্যক্তি শায়িত আছেন। সামনে রয়েছে একটি ইন্দারা। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত রয়েছে। ঐতিহাসিক স্থাপনাটি দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা।
প্রমথ চৌধুরীর বসতভিটা এখন শুধুই স্মৃতি
বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈতৃক বসতবাড়ি ছিল চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে একসময়ের ঐতিহ্যবাহী বাড়িটি আজ প্রায় নিশ্চিহ্ন। সেখানে এখন রয়েছে একটি পুকুর, শানবাঁধানো ঘাট, শিবমন্দিরের ভগ্নাংশ এবং জঙ্গলাকীর্ণ বাড়ির ভিটা। একসময়ের জমিদারবাড়ির জৌলুশ হারিয়ে এখন পড়ে আছে কেবল স্মৃতিচিহ্ন।
প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে ‘বীরবল’ ছদ্মনামে লেখালেখি করে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর বাবা দুর্গাদাস চৌধুরী ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁর নামেই প্রতিষ্ঠিত হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ। ১৯২৫ সালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সেখানে তাঁর একটি শ্বেতপাথরের প্রতিকৃতিও রয়েছে।
অথচ বাংলা সাহিত্যের এই বিশিষ্ট ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত বসতভিটার অধিকাংশ চিহ্নই আজ বিলীন হওয়ার পথে। যথাযথ সংরক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানটি হারিয়েছে তার স্বকীয়তা।
সাড়ে চারশ বছরের ঐতিহ্য হান্ডিয়ালের জগন্নাথ দেবের মন্দির
চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নে রয়েছে প্রায় সাড়ে চারশ বছরের প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন জগন্নাথ দেবের মন্দির। দীর্ঘ সময়ের নানা পরিবর্তনের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দিরটি।
প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মন্দিরটি ক্ষুদ্রাকৃতির জাফরি ইট দিয়ে নির্মিত। এর উচ্চতা প্রায় ৪০ ফুট এবং দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০ ফুট। ইতিহাস থেকে জানা যায়, ১৫৯০ সালে ভবানী প্রসাদ নামের এক ব্যক্তি নিজ খরচে মন্দিরটি সংস্কার করেন। একসময় মন্দিরের নামে ১৭৫ বিঘা জমি ছিল। মন্দিরের পাশে রয়েছে স্নানঘর ও রথচালা। বর্তমানে এখানে একজন সেবায়েত দায়িত্ব পালন করছেন। প্রতিবছর মন্দিরটিতে বিভিন্ন পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
মোগল আমলের আরেক নিদর্শন সমাজ শাহী মসজিদ
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে অবস্থিত ঐতিহাসিক সমাজ শাহী মসজিদ। মোগল আমলের প্রাচীন স্থাপনা হিসেবে এটি পরিচিত। ইতিহাস অনুযায়ী, সম্রাট শেরশাহের সময় হজরত শাহ সুফি পীর আশরাফ জিন্দানী (রহ.) ৯০০ হিজরিতে মসজিদটি নির্মাণ করেন।
প্রাচীন নির্মাণশৈলী ও নান্দনিক কারুকার্যে সমৃদ্ধ মসজিদটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্য হিসেবেও মসজিদটি চাটমোহরের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
বোঁথরের ছোট্ট মসজিদ, ইতিহাসের বড় সাক্ষী
চাটমোহরের বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে রয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো একটি ছোট মসজিদ। মাত্র দুই শতাংশ জমির ওপর নির্মিত মসজিদটিতে একসঙ্গে পাঁচ থেকে ছয়জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
দীর্ঘদিন মসজিদটি জঙ্গলে ঢেকে ছিল। পরে চাটমোহরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ২০০৭ সালে মসজিদটি উদ্ধার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেন। তিনি মসজিদটির নামকরণ করেন শেহরোজ জামে মসজিদ। ছোট পরিসরের হলেও প্রাচীন এই মসজিদটি স্থানীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য নিদর্শন।
ঐতিহ্যের আরও অনেক নিদর্শন
চাটমোহরের ইতিহাস ও ঐতিহ্যের পরিসর শুধু মসজিদ কিংবা মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয়। উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আরও অনেক পুরোনো স্থাপনা ও স্মৃতিচিহ্ন। এর মধ্যে রয়েছে হান্ডিয়ালের শেঠের বাংলা, পার্শ্বডাঙ্গা জমিদারবাড়ি, বোঁথরের চড়কবাড়ি, দেড়শ বছরের পুরোনো রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ হাইস্কুল এবং মথুরাপুর খ্রিস্টান মিশন।
এসব স্থাপনা চাটমোহরের অতীত ইতিহাস, সামাজিক জীবন, ধর্মীয় সংস্কৃতি ও শিক্ষা-ঐতিহ্যের পরিচয় বহন করছে। অন্যদিকে, বৃহৎ চলনবিলের বিস্তীর্ণ জলরাশি, প্রকৃতির অপরূপ দৃশ্য এবং গ্রামীণ জনপদের সৌন্দর্য পর্যটকদের ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ঐতিহাসিক স্থাপনা হারাচ্ছে তাদের জৌলুশ। কোথাও সংস্কারের অভাব, কোথাও অযত্ন-অবহেলা, আবার কোথাও যথাযথ সংরক্ষণের উদ্যোগ না থাকায় বিলীন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ইতিহাসের স্মারক। এসব স্থাপনা চিহ্নিত করে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সংরক্ষণ, সংস্কার এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা গেলে চাটমোহর হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।
ইতিহাস-ঐতিহ্যের এমন সমৃদ্ধ ভান্ডার আর চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চাটমোহর যেন নীরবে আমন্ত্রণ জানাচ্ছে ভ্রমণপিপাসু মানুষকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








