কুষ্টিয়ার কুমারখালীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক শ্রমিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। টর্চলাইট, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধরে গুরুতর আহত হয়েছেন মো. মেহেদী হাসান বিপ্লব (৪২)। হামলায় তাঁর কপাল ও চোখের ওপরের অংশে আঘাত লাগে। চিকিৎসক তাঁর চোখের ওপর চারটি সেলাই দিয়েছেন। এ সময় তাঁর পকেটে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী হাসান বিপ্লব সদরপুর গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত।
আহত ব্যক্তির অভিযোগ, মঙ্গলবার রাত ১২টার দিকে কারখানার ডিউটি শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সদরপুর গ্রামে অভিযুক্তদের বাড়ির কাছে পৌঁছালে কয়েকজন তাঁর গতিরোধ করেন। এ সময় মো. মিজবার হোসেন (২৬) টর্চলাইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে মো. মিজানুর রহমান (৫২) ও অজ্ঞাতনামা আরও তিন-চারজন কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।
মেহেদী হাসান আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর প্যান্টের ডান পকেটে থাকা ১৯ হাজার টাকা নিয়ে যান। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁর চোখের ওপর চারটি সেলাই দেন।
আহত মেহেদী হাসানের দাবি, অভিযুক্তরা গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করেন। ঘটনার সময়ও তাঁরা নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আহত শ্রমিক।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সদরপুর গ্রামের মো. মিজবার হোসেন (২৬) ও তাঁর বাবা মো. মিজানুর রহমানের (৫২) নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আহত ব্যক্তির চোখের ওপর চারটি সেলাই দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








