পিরোজপুরের নেছারাবাদে প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হওয়া ও নবায়ন না করায় চারটি করাতকলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথকাঠি এলাকার দুটি ও গণমান এলাকার দুটি করাতকলে অভিযান চালানো হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, করাতকল পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা বাধ্যতামূলক। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। যেসব প্রতিষ্ঠানের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুত নবায়ন করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি চলবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








