পিরোজপুরের জিয়ানগরের সুপারি ও কলা চুরির অভিযোগে রুহুল আমিন (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধরের পর কোমড়ে শিকল বেঁধে এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে সুপারি ও এক ছড়া কলা নিয়ে যান রুহুল আমিন। এ ঘটনায় নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে এবং গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, ‘‘রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি।’’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








