ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন, ডায়েরি, কলম, হিজাব, অন্যান্য উপহারসামগ্রী ও ফুল দিয়ে নবীনদের স্বাগত জানানো হয়। পরে ক্যারিয়ার গাইডলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুরে আয়োজন শেষ হয়।
ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মুহা. মাহমুদুল হাসান এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মো. মোজাহেকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির যেকোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচন চান তারা। কোনো সংগঠনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা কাম্য নয় উল্লেখ করে তিনি ছাত্রদলসহ সব সংগঠনকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, একচেটিয়া জয় নয়, শিক্ষার্থীদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি ও সুন্দর ক্যাম্পাস গড়তে চায় ছাত্রশিবির। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটানোর পরামর্শ দেন এবং তাদের ক্যারিয়ার গঠন ও নৈতিক মানোন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথি মুফতি আমির হামজা বলেন, ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লেখাপড়া করা। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৃত মানুষ হয়ে ওঠার পরামর্শ দেন। ছাত্রশিবির ও ছাত্রীসংস্থায় যুক্ত হলে জীবনমান উন্নত ও পবিত্র হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইউসুফ আলী অনুষ্ঠানে অংশগ্রহণ ও আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতে বিভাগভিত্তিক ক্যারিয়ার গাইডলাইন সেশন আয়োজন করা হবে। এতে চাকরির সুযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে শাখা ছাত্রশিবির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








