দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিনব্যাপী সফরে লালমনিরহাটে এসে উন্নয়ন, সম্ভাবনা ও রাজনৈতিক ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হেলিকপ্টারে জেলায় পৌঁছে তিনি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে অংশ নেন। পরে মহেন্দ্রনগরে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেন।
খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না।’ দেশের মানুষ গুম-খুন, ভোট দখল ও ক্ষমতা ধরে রাখার রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেড় হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে এবং ৬০ জন শিশুও প্রাণ হারিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরও একটি পক্ষ আবার অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই রাজনীতি করতে চাই।’

তিনি আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন। এসব লক্ষ্য অর্জনে গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। লালমনিরহাটের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে।
এর আগে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।
তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের যুগে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা দিতে হবে। এ জন্য মেধাভিত্তিক কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।

দিনের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেন। সামাজিক পরিবর্তন, জনসম্পৃক্ততা ও জেলার উন্নয়ন সম্ভাবনা সামনে রেখে নেওয়া এ উদ্যোগের কার্যক্রমেও যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিস্তা মহাপরিকল্পনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি ও শিল্পের বিকাশ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয় মানুষের মধ্যে। এখন সফরে দেওয়া প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








