গাজা উপত্যকার মধ্যাঞ্চলে হামাসের সন্দেহভাজন একটি সুড়ঙ্গ ধ্বংস করতে চালানো ট্যাংক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বছরের বেশি সময় আগে যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের সংঘর্ষ বন্ধ হওয়ার পর হলুদ যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে এটি ছিল ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থল অভিযান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই এলাকায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযান শেষ হয়েছে। একই সঙ্গে উত্তর-দক্ষিণ সংযোগকারী প্রধান সালাহউদ্দিন সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবারও সড়কটি বিপজ্জনক অবস্থায় ছিল। সেখানে বিক্ষিপ্তভাবে গুলির শব্দ শোনা যাচ্ছিল। এ কারণে যানবাহন ও সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে সালাহউদ্দিন সড়কে বালুর স্তূপ এবং ট্যাংক চলাচলের এলাকায় আশ্রয়কেন্দ্রের ক্ষয়ক্ষতি দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের সেনা ও গোয়েন্দা সদস্যরা হলুদ যুদ্ধবিরতি রেখার পশ্চিমে একটি সুড়ঙ্গ ধ্বংস করতে লক্ষ্যভিত্তিক অভিযান শুরু করেছেন। তাদের দাবি, সুড়ঙ্গটি ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। অভিযানস্থল এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের সতর্কও করা হয়েছিল।
নতুন করে সামরিক হামলা শুরুর আশঙ্কায় বুধবার ওই এলাকা থেকে পালিয়ে যান বহু ফিলিস্তিনি পরিবার। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর এসব পরিবারের অনেকেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। এবারও তারা সাইকেল, হুইলচেয়ার, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে নিজেদের জিনিসপত্র তুলে এলাকা ছাড়েন। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাবে, বুধবার প্রায় ৬ হাজার মানুষ ওই এলাকা ছেড়ে চলে যান।
ইসরায়েলের দাবি, সাম্প্রতিক সময়ে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং অস্ত্র সংগ্রহ করছে। এ কারণে গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল।
এদিকে যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র-সমর্থিত সংস্থাটি ইসরায়েল ও হামাস—উভয় পক্ষের বিরুদ্ধে শত্রুতা বন্ধে নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছে।

গাজার ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই এখন উপকূলীয় এই ভূখণ্ডের এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছেন। তাদের অধিকাংশই হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় অস্থায়ী তাঁবু কিংবা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। অন্যদিকে গাজার বাকি দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। এসব এলাকার অধিকাংশ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ওই অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, একই সময়ে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








