মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফি নির্ধারণসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে এসব নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নতুন নির্দেশনা অনুযায়ী, মেডিকেল পরীক্ষার জন্য সর্বোচ্চ ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, ইচ্ছাকৃতভাবে কর্মীদের আনফিট ঘোষণা এবং নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করা নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে চাহিদাপত্রে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার নিজ উদ্যোগে স্লিপ ইস্যু করতে পারবে না।
মেডিকেল পরীক্ষার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। এসব প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পরীক্ষার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে কোনো কর্মীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানোরও সুযোগ থাকবে না।
এ ছাড়া কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় কর্মীদের চিকিৎসাসংক্রান্ত দায় মেডিকেল সেন্টারগুলোর উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগপর্যন্ত কোনো কর্মী আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও বহন করতে হবে ওই সেন্টারকে।
মেডিকেল সেন্টারগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না। নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসব নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোর নজরদারি করা হবে। পাশাপাশি প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে বড় আকারে দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে অনিয়ম বন্ধ এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








