দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা থেকে ঢাকায় সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এতে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগের নতুন অধ্যায় সূচিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নতুন এই সেবা যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। রেল যোগাযোগ একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনার দ্বার খুলে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এমপি এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে বিশেষ ট্রেন ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা-ঢাকা-পাবনা রুটে নিয়মিত চলাচলের জন্য দুটি আন্তঃনগর ট্রেনের নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ২০ নভেম্বর থেকে ট্রেন দুটি নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে।
সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি ১২টি কোচ নিয়ে চলাচল করবে। পথে দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
সরাসরি ট্রেন চালুর ফলে পাবনা ও আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং চিকিৎসাসেবা নিতে ঢাকাগামী মানুষের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নতুন রেল যোগাযোগের ফলে জেলার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








