রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে রাবি উপাচার্য হিসেবে তার নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রজনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য।
অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি ১৯৯৬ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যুক্ত হন। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক, ২০০৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার সারাওয়াকের কার্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সায়েন্স (এমএসসি) এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২৬তম উপাচার্য হিসেবে নাম ঘোষণার পর অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, প্রজ্ঞাপন এখনো হাতে আসেনি। তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন।
প্রসঙ্গত, অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন “জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা”-এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









