সিলেট ও এর আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
কয়েক সেকেন্ড স্থায়ী এই আকস্মিক ভূকম্পনে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ করেই চারপাশ কেঁপে ওঠে। বহুতল ভবনে থাকা বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ঘরবাড়ির আসবাবপত্র, সিলিং ফ্যান ও ঝুলন্ত বস্তু বেশ কয়েক সেকেন্ড ধরে দুলতে থাকে। ভূমিকম্প শুরু হতেই আতঙ্কিত মানুষজন বাসা-বাড়ি, অফিস এবং বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন এবং খোলা জায়গায় আশ্রয় নেন।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেটবাসী নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন।
অনেকেই জানান, স্থায়িত্ব কম হলেও ঝাঁকুনির তীব্রতা ছিল বেশ জোরালো। সিলেট ছাড়াও দেশের অন্যান্য কিছু অঞ্চলের মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার কথা জানান।
তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল, রিখটার স্কেলে এর মাত্রা এবং গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তর বা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেটা বিশ্লেষণ করে ভূমিকম্পের কেন্দ্র ও তীব্রতা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এর আগে ৪ জুন রাত ১১টা ৪১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি ছিলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









