শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দায়িত্ব নিলেন রাবির ২৬তম উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

দায়িত্ব নিলেন রাবির ২৬তম উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে প্রজ্ঞাপন প্রকাশ হবার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তিনি এই গুরুত্বপূর্ণ পদের কার্যভার বুঝে নেন। 

এর আগে গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে রাবি উপাচার্য হিসেবে তাঁর নাম ঘোষণা করেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং আজ অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত হলেন।

জানা যায়, অধ্যাপক ফরিদুল ইসলাম ১৯৬৮ সালের ৭ জুন রাজশাহীতে জন্মগ্রহন করেন। তিনি নগরীর মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নিউ গভ: ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ডিগ্রি লাভ করেন।পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে স্নাতক ও একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এমবিএস পরীক্ষায় অনুষদে প্রথম স্থান অধিকার করায় তিনি ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ লাভ করেন। পরবর্তীতে তিনি সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৬ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি আবাসিক শিক্ষক,নিজ বিভাগের সভাপতি,ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন, ছাত্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও এর মালয়েশিয়া ক্যাম্পাসে প্রায় ৫ বছর পূর্ণকালীন শিক্ষকতা করেছেন। এছাড়া ব্র্যাক বিজনেস স্কুলে দীর্ঘ ১১ বছর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত ছিলেন। অধ্যাপনার আগে তিনি একটি বেসরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবেও কাজ করেছেন। তাঁর ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার জনক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আজ দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কুদরত-ই-জাহানসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা।

দায়িত্বগ্রহন শেষে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, “রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করাই তার মূল লক্ষ্য। শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে তিনি গঠনমূলক সমালোচনাকেও স্বাগত জানাবেন বলে জানান। ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান করেন।”

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য শহীদ ড. শামসুজ্জোহার সমাধি, কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.