পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিরতি শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৮ ও ২৯ মার্চ রাজশাহী রেল স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত এই বিশেষ বাস ট্রিপগুলো চলাচল করবে।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ১২টি আন্তঃনগর ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছানোর ১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো স্টেশন চত্বর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনগুলো হলো—পদ্মা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাঁড়ী এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত ৬ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলো গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ ছিল। দীর্ঘ ২৩ দিনের এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় পূর্ণোদমে শুরু হতে যাচ্ছে।
স্টেশনে নামার পর রিকশা বা অটোরিকশার বাড়তি ভাড়া ও ব্যাগ বহনের ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাসের সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এদিনকে জানান, প্রতিটি ট্রেন থেকে আসা শিক্ষার্থীদের জন্য একটি করে বাস বরাদ্দ রাখা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি পরিবহন দপ্তর সমন্বয় করবে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ যেন এই পরিবহন সুবিধা গ্রহণ করতে না পারে, সে লক্ষ্যে পরিবহন দপ্তরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









