নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনুকূলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ছাড়কৃত শিক্ষক পদসমূহের আন্তঃবিভাগ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সত্যানুসন্ধানের (fact-finding) জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
গঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
কমিশনের অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক পদসমূহের আন্তঃবিভাগ পরিবর্তনের প্রক্রিয়া যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদঘাটনের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। এ লক্ষ্যে কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে কোনো নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও অনুলিপি সংগ্রহ করতে পারবে; পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









