রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭ জন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালটির মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন রোগী। তবে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক।
বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এ পর্যন্ত একই উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৫০ জন।
চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই অপুষ্টি ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে জটিলতায় ভুগছে। তাই অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









