রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক ছাত্রনেতাদের নিন্দা

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক ছাত্রনেতাদের নিন্দা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও অতর্কিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী কৃষি কলেজ ও পবিপ্রবির ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

বুধবার (১৩ মে) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান। 

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ জন আহত হন, যাদের মধ্যে রয়েছেন ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. আব্দুল মালেকসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সাবেক ছাত্রনেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান ভিসির প্রত্যক্ষ মদদে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই হামলার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। একইসাথে বিতর্কিত ভিসিকে দ্রুত অপসারণের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে কৃষিবিদ কামরুজ্জামান জনি, কৃষিবিদ মো. মিজানুর রহমান, কৃষিবিদ মাসুদ করিমসহ ৪২ জন সাবেক ছাত্রনেতা সংহতি প্রকাশ করেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জ/দু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.