রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নতুন উপাচার্যের কাছে নোবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যাশা

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ১০:২৭ পিএম

নতুন উপাচার্যের কাছে নোবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যাশা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তার যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পেয়েছে সপ্তম উপাচার্য। তার নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।

নবনিযুক্ত উপাচার্যকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে।

প্রত্যাশার কথা জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইজা কাদের চৌধুরী বলেন, “একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রধান প্রত্যাশা হলো শিক্ষার মান উন্নয়ন, সেশনজট নিরসন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।’’

তিনি বলেন, ‘‘বিশেষ করে হলের বিভিন্ন সমস্যা, যেমন আবাসন সংকট, খাবারের মান, নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ, যানবাহন সমস্যা, নিরাপত্তা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমি চাই, নতুন উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো বুঝবেন, তাদের কথা শুনবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।”

অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান বলেন, “ উপাচার্য মহোদয়ের ক্যাম্পাসে আগমন এক নতুন অধ্যায়ের সূচনা। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে তার প্রতি আমার কিছু প্রত্যাশা—

১. ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও আবাসন সংকট দূরীকরণ।

২. দৃশ্যমান চলমান কাজগুলো যথাসময়ে সমাপ্তিকরণ।

৩. শিক্ষার গুণগত মান ও গবেষণায় জোরদার।

৪. সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ।

৫. আন্তর্জাতিকীকরণ ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন।

৬. ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক চর্চা।

পরিশেষে, নতুন ভিসির দূরদর্শী নেতৃত্ব, নিরপেক্ষতা ও সাহসী পদক্ষেপই পারে নোবিপ্রবিকে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে।”

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিহা হোসেন বলেন, “নতুন ভিসি স্যারকে এই ১০১ একরের ক্যাম্পাসে স্বাগতম জানাই। আশা করি, আপনি আমাদের এই সুন্দর বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে আরও সুন্দর ও গোছানো করবেন। আমাদের চাহিদা ও আশাগুলো বুঝবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।’’

তিনি বলেন, ‘‘বিভিন্ন ডিপার্টমেন্ট থাকলেও তার উপযোগী নানা সুবিধার অভাব রয়েছে। আশা করি, আমরা সেসব সুবিধা পাব। যেমন— ডিপার্টমেন্টের ল্যাব, লাইব্রেরি, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ল্যাব। একজন ট্যুরিজম শিক্ষার্থী হিসেবে এটাই চাওয়া। শিক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও জরুরি। বিশেষ করে বাস মেরামত, একাডেমিক-৩ সংক্রান্ত জটিলতা এবং সেন্ট্রাল মাঠে বিভিন্ন সুবিধার অভাব দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমরান বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনা গড়ে তোলার জায়গা। তাই আমরা চাই, নতুন প্রশাসনের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় থাকুক। বিগত সময়ে ক্যাম্পাসজুড়ে যে কর্মচাঞ্চল্য ও উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছিল, সেটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। নতুন নেতৃত্বও যেন সেই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়, তাদের সমস্যার কথা শোনে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাতে পারে এটাই আমাদের প্রত্যাশা।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ খান বলেন, “নতুন উপাচার্যের কাছে একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা, তিনি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষা ও গবেষণার দিক থেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তিনি আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ তৈরিতে উদ্যোগী হবেন। আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটার ধারাবাহিকতা বজায় রাখবেন। শিক্ষার ক্ষেত্রে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ সংকটসহ সকল সংকট তিনি নিরসন করবেন বলে আশা করি।’’

তিনি বলেন, ‘‘আমি চাই, নতুন উপাচার্য ছাত্রকল্যাণমূলক কার্যক্রম, যেমন— স্কলারশিপ, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, হলের খাবারের গুণগত মান বৃদ্ধি এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেবেন। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের পরিধি বাড়িয়ে এমন পরিবেশ তৈরি করবেন, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার প্রতিভা প্রকাশ করতে পারে।’’

তিনি আরও বলেন, ‘‘সর্বোপরি, আমি আশা করি নতুন ভিসি শিক্ষার মান উন্নত করবেন এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন।”

আ/নোবিপ্রবি/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.