সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে নন-ক্যাডার ও আত্তীকৃত শিক্ষকদের পদায়নের প্রতিবাদে বরিশালে এক ঘণ্টার কলমবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি কলেজ ও প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল সরকারি কলেজ, সরকারি হাতেম আলী কলেজ এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা অংশ নেন। পাশাপাশি সরকারি মহিলা কলেজেও নন-ক্যাডার শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়নের প্রতিবাদে কর্মসূচি পালন করেন শিক্ষক নেতারা।
শিক্ষকদের অভিযোগ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বাইরে থাকা শিক্ষক বা নন-ক্যাডার ও আত্তীকৃত শিক্ষকদের পদায়ন করা হলে ক্যাডার কাঠামো ও পদোন্নতির স্বাভাবিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে এসব পদায়ন বাতিলের দাবি জানিয়ে আসছেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সরকারি বিএম কলেজের শতাধিক শিক্ষক অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া অধ্যাপক আবুল কালাম আজাদকে যোগদান না করানোর আহ্বান জানান তারা।
বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘‘২০১৭ সাল থেকেই ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে তাদের আন্দোলন চলছে। সম্প্রতি বরিশালের বিএম কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে নন-ক্যাডার শিক্ষককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই মঙ্গলবারের কর্মসূচি।’’
তিনি বলেন, ‘‘পদায়ন বাতিল করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’’
অধ্যাপক আবুল কালাম আজাদকে বিএম কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হলেও তিনি মঙ্গলবার যোগদানের জন্য অধ্যক্ষের দপ্তরে যাননি বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার থেকে তিনি যোগদানের চেষ্টা করলেও বিসিএস ক্যাডার শিক্ষকরা এতে বাধা দেন। এ নিয়ে গত চার কর্মদিবস ধরে কলেজটিতে অস্থিরতা বিরাজ করছে।
তবে বিসিএস শিক্ষকরা আবুল কালাম আজাদের পদায়নের পেছনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন। যদিও এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফোরকান মিয়া বলেন, ‘‘ক্যাডার মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবিতে শিক্ষকরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলমবিরতি পালন করেছেন।’’
বরিশাল সরকারি হাতেম আলী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান জানান, তার কলেজের শিক্ষকতারাও একই সময়ে কর্মসূচিতে অংশ নেন।
বিএম কলেজেও নির্ধারিত সময়ে শিক্ষকরা কলমবিরতি পালন করেন বলে জানা গেছে।
এদিকে বরিশাল সরকারি মহিলা কলেজে নন-ক্যাডার শিক্ষককে অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে ক্যাম্পাসে যান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের শিক্ষক নেতারা। তারা ওই পদায়নের বিষয়ে আপত্তি জানিয়ে প্রতিবাদ করেন।
শিক্ষকদের ভাষ্য, প্রশাসনিক পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে ক্যাডার কাঠামোর নিয়ম এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
শিক্ষকদের দাবি, প্রশাসনিক পদে নন-ক্যাডার ও আত্তীকৃত শিক্ষকদের পদায়নের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে শুধু এক ঘণ্টার কলমবিরতিতে কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









