‘আওরাপন ২’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমা নিয়ে হাজির ইমরান হাশমি। মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গানমাস্টার জি৯’-এর টিজার। প্রায় দেড় মিনিটের টিজারে নতুন এক চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ক্র্যাক’খ্যাত আদিত্য দত্ত। এতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ।
টিজারের শুরুতেই ইমরানের কণ্ঠে শোনা যায়, ‘আমাকে সবচেয়ে ভয়ংকর মৃত্যু দাও। টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দাও। শুধু মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, আমার ভালোবাসার কাছে পৌঁছানো পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেওয়া হয়।’
এরপর পর্দায় ভেসে ওঠে—‘ইমরান হাশমি রিলোডেড অ্যাজ গানমাস্টার জি৯।’
টিজারে দেখা যায়, অস্ত্রধারী পুলিশ ঘেরা একটি নির্জন এলাকা। সেখান থেকে ইমরানকে ধরে নিয়ে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। এরপরের দৃশ্যে নদীতে হিন্দু দেবদেবীর মূর্তি বিসর্জনের দৃশ্য দেখা যায়। এসব দৃশ্য থেকে বোঝা যায়, সিনেমাটিতে আন্ডারওয়ার্ল্ড ও মাফিয়া জগতের গল্পের সঙ্গে প্রেমের গল্পও জড়িয়ে আছে।
‘গানমাস্টার জি৯’-এ ইমরান ও জেনেলিয়া ছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, অভিষেক সিং, স্নেহিল মেহরা ও ইনায়াত ভার্মাসহ অনেকে। তবে টিজারে তাঁদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সিনেমাটির প্রযোজনা করেছেন দীপক মুকুট ও সংগীতা আহির।

টিজার প্রকাশের পর সিনেমাটির আবহে ‘তেরে ইশক মে’-এর ছাপ খুঁজে পেয়েছেন অনেকে। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে হিমেশ রেশমিয়ার সংগীতের আলাদা স্বাদ। সব মিলিয়ে ইমরান হাশমির নতুন এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
‘গানমাস্টার জি৯’ আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
ইমরান হাশমির ক্যারিয়ারে এখন সাফল্যের সময়। তার অভিনীত ‘আওরাপন ২’ মুক্তির ১২ দিনে বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি আয় করেছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওরাপন’ বক্স অফিসে সফল না হলেও এর সিক্যুয়েল দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এর আগে ইমরানকে ‘হক’ সিনেমায় দেখা গেছে, যেটিও প্রশংসিত হয়েছে। এখন দেখার বিষয়, ‘গানমাস্টার জি৯’ তার সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









