ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ‘‘ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের পর থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির সকল বর্জ্য ল্যান্ডফিলে অপসারিত হবে।’’
তিনি আজ রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, ‘‘নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে আমি সম্মানিত নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’’
ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমের উল্লেখযোগ্য প্রস্তুতিসমূহ:
১. ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
২. কার্যক্রমের প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৩. ঈদের তিনদিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে সর্বমোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









