চারদিকে দুর্গম পাহাড়, ভারতের সীমান্তঘেঁষা প্রত্যন্ত জনপদ। পর্যাপ্ত বিদ্যুৎ নেই, নেই প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণের পর্যাপ্ত সুবিধা। এতসব সীমাবদ্ধতার মধ্যেও থেমে নেই শিক্ষার অগ্রযাত্রা। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে এইচএসসি পরীক্ষায় রাঙামাটি জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে বরকল উপজেলার ভুষনছড়া আইডিয়াল কলেজ। পাহাড়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যে আনন্দিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তবে অর্জন ধরে রাখতে শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারের বিশেষ নজর ও সহযোগিতা চান তাঁরা।
রাঙামাটির বরকল উপজেলার ভারতের সীমান্তঘেঁষা ভুষনছড়া ইউনিয়নে অবস্থিত ভুষনছড়া আইডিয়াল কলেজ। চারপাশে পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে রয়েছে নানা সংকট। পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না থাকায় পাঠদান ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণের সীমাবদ্ধতা।
এতসব প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় এবারের এইচএসসি পরীক্ষায় রাঙামাটি জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে কলেজটি। প্রত্যন্ত পাহাড়ি জনপদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্য স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
শিক্ষার্থীরা জানায়, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।
কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন উদ্দীন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। তবে শিক্ষার মান আরও উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা জরুরি।
কলেজটির সাফল্যে সন্তোষ প্রকাশ করে শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার।
তিনি জানান, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
দুর্গম পাহাড়ি জনপদে নানা সংকটের মধ্যেও ভুষনছড়া আইডিয়াল কলেজের এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে পাহাড়ের এই শিক্ষাপ্রতিষ্ঠান ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








