বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি চলন্ত ভ্যানে আগুন দেওয়া হয়। এ ছাড়া নাশকতার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








