রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম পরিচালিত হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেদিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো পড়ে শোনানোর পাশাপাশি মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় শেখ হাসিনার শাসনক্ষমতা স্বৈরশাসনে রূপ নেওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি।
শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে দাবি করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।
এ ছাড়া গ্রেপ্তার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
শেখ হাসিনাসহ মামলার অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক।
এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মামলার পলাতক আসামি।
এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশনের আনা অভিযোগে দুটি পৃথক ঘটনার উল্লেখ রয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








