ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলছে। অনলাইনে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা।
এবার পাঁচটি ইউনিটের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে।
আবেদনের পাঁচটি ধাপ
১. লগইন: প্রথমে ভর্তি ওয়েবসাইটে লগইন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং শিক্ষা বোর্ডের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
২. বিস্তারিত তথ্য প্রদান: এ পর্যায়ে প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা নির্বাচন করতে হবে। পাশাপাশি বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর ও ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে হবে। এ ছাড়া বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), পেশা, প্রযোজ্য কোটা এবং যে ইউনিটে পরীক্ষা দিতে ইচ্ছুক, সে সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
৩. ছবি আপলোড: আবেদনকারীর ছবি নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী আপলোড করতে হবে। ছবির প্রস্থ কমপক্ষে ৪৫০ পিক্সেল এবং উচ্চতা কমপক্ষে ৫৫০ পিক্সেল হতে হবে। ছবির ফাইলের আকার ২০ কেবি, ফরম্যাট .জেপিজি অথবা .জেপিইজি এবং পেছনের অংশ সাদা হতে হবে।
৪. পাসওয়ার্ড: পরবর্তী ধাপে টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও এয়ারটেল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।
৫. আবেদন ফি জমা: সবশেষে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। এ ছাড়া সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমেও আবেদন ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








