শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা ছিল। সেই মামলার ওয়ারেন্ট মূলে আজ তাকে বনানী থানা পুলিশ গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সকালে আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।
এর আগে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন।
পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









