পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে একটি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না তা কমিটি তদন্ত করে দেখবে।
এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।
ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন—দলের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









