নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ভাগনি আফরিন আক্তারের (১৩) গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় কিশোরীর মামা জাকির হোসেন ও মামি সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে জাকিরের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে প্রাণনাশের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।
২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা আফরিনকে বাড়িতে রেখে বাইরে যান। এ সময় বাড়িতে ঢুকে ঘুমন্ত আফরিনের গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর তাকে বাড়িতে নেওয়া হয়।
আফরিনের মা রওশন আরা বলেন, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করেও জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরেই তার মেয়ের গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
রওশন আরা জানান, মেয়েকে বাড়িতে আনার পর স্থানীয়ভাবে কয়েক দফা সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, সোমবার সকালে রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দেন। মঙ্গলবার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার পর জাকির ও সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









