আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদ তৈরি, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে সরকার কাজ করছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ান গেমস, অলিম্পিক ও সাফ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হবে।
তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র তথ্য তুলে ধরে আমিনুল হক বলেন, প্রথম আসরে অংশ নিয়েছিল ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ। দ্বিতীয় আসরে এ সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ২৩ হাজার। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী দেশের ৫০৩টি উপজেলায় একযোগে দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন।
তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ১৩টি সিটি করপোরেশন ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর মাঠগুলো সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে। বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণের জন্য প্রশাসক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, ডিজিটাল ডিভাইসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বছরজুড়ে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ১৫টি খেলাকে মাঠপর্যায়ে সচল রাখা হবে। আগামী জানুয়ারি থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খেলাধুলার কার্যক্রম বিস্তৃত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, নভেম্বরের মধ্যে দেশের সব জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সংশ্লিষ্ট কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









