প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে রবিবার (১২ জুলাই)। শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।
তিন বছরের বিরতির পর গত এপ্রিলে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল এদিন প্রকাশ করা হবে। অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
এর আগে ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। পরের বছর তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হয়।
এবার প্রাথমিক বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বৃত্তি পাবে।
এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তিতে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা করে পাবে।
এর আগে বৃহস্পতিবার সকালে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঢাকা বিভাগের নয়টি জেলার ফল নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে দেখা যায়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফল প্রকাশের গোপনীয়তা ও তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই অনলাইনে চলে আসার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









