দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এবার নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় আসে এই তারকা জুটি।
গত কয়েক মাসে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়ায় তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে অভিষেক, ঐশ্বরিয়া কিংবা নিমরত—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিষেক। কাজের ফাঁকে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে তিনি নিউইয়র্কে যান। সেখানে সন্ধ্যায় রাস্তায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে তোলা তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ছবিতে ক্যাপ ও টি-শার্ট পরা অভিষেকের পাশে কালো পোশাকে দেখা যায় ঐশ্বরিয়াকে। দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। অনেকের মতে, এই উপস্থিতি তাদের বিচ্ছেদ নিয়ে চলা জল্পনাকে অনেকটাই থামিয়ে দিয়েছে।
২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়া শুধু তার সন্তানের মা নন, তিনি তার জীবনের ‘সোলমেট’ও। প্রায় দুই দশকের দাম্পত্য জীবন ভালোবাসা ও সুখের স্মৃতিতে ভরপুর বলেও মন্তব্য করেন তিনি।
অভিনয়ের দিক থেকে শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে অভিষেককে। ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









