স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে নিয়োগ দেওয়া হবে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।’’
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী হাসপাতালে প্রবেশ করেই প্রথমেই সরাসরি চলে যান রান্নাঘর পরিদর্শনে। সেখানে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় রোগীরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ করেন মন্ত্রীর কাছে। খাবারের মান, পরিবেশ ও রোগীদের অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রাও চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য উপকরণ এবং অবকাঠামোগত বিভিন্ন সংকটের বিষয় মন্ত্রীকে অবহিত করেন। এসব অভিযোগ ও সংকটগুলো শুনে তা দ্রুত সমাধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট নতুন নয়। আমরা মাত্র পাঁচ মাস হলো সরকার গঠন করেছি। এতো অল্প সময়ে দীর্ঘদিনের জমে থাকা সমস্যা সমাধান করা অসম্ভব। তবে ইতোমধ্যে আমরা জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানসম্মত করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি।’’
মন্ত্রীর পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানেও নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









