রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক কনসার্ট আয়োজন উপলক্ষে যানজট নিরসনে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, খেজুর বাগান ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এ সময় বিভিন্ন পয়েন্টে ইউটার্ন ও বিকল্প পথ চালু থাকবে।
পরিবর্তিত যেসব পথে চলতে হবে
ফার্মগেট থেকে শাহবাগ: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।
গোলাপশাহ মাজার থেকে শাহবাগ: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে আসা যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
সায়েদাবাদ থেকে শাহবাগ: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট, আজিমপুর, চানখারপুল ও বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে হবে। বিকল্প হিসেবে বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং ব্যবহার করা যাবে।
মিরপুর রোড থেকে ফার্মগেট: উত্তর দিক থেকে আসা যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ: খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও গণভবন ক্রসিং হয়ে যেতে হবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।
আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যেতে হবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউয়ে ব্যারিকেড সরিয়ে দেওয়ায় মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
এ ছাড়া অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট বের হওয়ার পথের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) বের হওয়ার পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









