বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধন শেষে ডা. জুবাইদা রহমান মেলার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। তিনি প্রতিভা প্রকাশের ৩৭ নম্বর স্টলসহ বেশ কিছু স্টলে যান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বিভিন্ন বই গভীর আগ্রহের সাথে দেখেন ও খোঁজখবর নেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘‘দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে পড়ুক।’’
তিনি শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, ‘‘বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা ও নিষ্ঠা বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে।’’ বক্তব্যের শেষপর্যায়ে তিনি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশে নিজের লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন।
এছাড়া, অনুষ্ঠানে যশোর ও মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারকে শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আয়োজক কমিটির সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। উদ্বোধনী দিনে লেখক, গবেষক এবং বিপুলসংখ্যক বইপ্রেমী মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









