ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ঘটনাস্থলে থাকা প্রাইভেটকারের মালিক বলে জানা গেছে।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এক রিকশাচালককে মারধর করছিল একটি প্রাইভেটকারের আরোহীরা। এ সময় এসআই আলতাফ হোসেন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে রিকশাচালককে রক্ষায় এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের লোকজন স্থানীয় আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশ সদস্য আলতাফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় ইতোমধ্যে প্রাইভেটকারের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না, তবে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









