রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাসেল রাজধানীর গেন্ডারিয়ার টিএস পোস্ট অফিস এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল হাসপাতালের কোনো রোগী বা স্টাফ ছিলেন না। সন্ধ্যায় তিনি সিঁড়ি দিয়ে সোজা ১৬ তলার ছাদে উঠে যান এবং সেখানে কিছু সময় অবস্থানের পর নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাসেল বেকার ও মাদকাসক্ত ছিলেন এবং পূর্বে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। মাদকাসক্তির কারণেই কিছুদিন আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









