রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।
সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণ হয়। জানা গেছে, মহাখালীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের পাশের সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় ব্যাপক শব্দ ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক ছিল। হঠাৎ একের পর এক বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেকে দিগ্বিদিক ছুটে যান এবং কেউ কেউ আশপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন।
খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, “ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।”
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ হয়।
প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ হলে ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি তৈরি হয়।
এ ছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









