কোচ বদলেছে, সময় বদলেছে—তবে পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতিতে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। ৪১ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার অবশ্য এখনো মাঠে দৌড়াচ্ছেন।
তবে অবসর প্রসঙ্গে রোনালদো আগেই জানিয়েছেন, চলতি বছরই হয়তো আন্তর্জাতিক ফুটবলে তার শেষ সময়। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক বলেছেন, ‘‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর। আর আমি চাই নিজের একটা দারুণ ছাপ রেখে যেতে।’’
বিশ্বকাপের দল থেকে চারটি পরিবর্তন এনেছেন জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে এসেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
নেশনস লিগের ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মুখোমুখি হবে তারা। ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে খেলার পর ৪ অক্টোবর আবারও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

পর্তুগালের দল
গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









