দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।
গত বছর পারিবারিক কারণে অভিনয় থেকে বিরতিতে যাওয়ার কথা জানিয়েছিলেন বর্ষা। এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা আলোচনায় আসেননি এই অভিনেত্রী।

২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। দুই সন্তান নিয়ে সংসার করছেন তারা। তাদের দাম্পত্য জীবনকে প্রায়ই সুখী দাম্পত্যের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বর্ষা। এক ভাবগম্ভীর পোস্টে তিনি জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে অর্থের চেয়ে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক সম্পৃক্ততাই বেশি গুরুত্বপূর্ণ।

বর্ষা লিখেছেন, ‘‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’’
জীবন চালাতে অর্থের প্রয়োজনীয়তা স্বীকার করলেও সম্পর্কের ক্ষেত্রে সবসময় অর্থকে সবচেয়ে বড় বিষয় মনে করেন না তিনি। বর্ষার ভাষায়, ‘‘অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।’’
তার মতে, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো সময় দেওয়া, ভালো ব্যবহার, যত্ন নেওয়া এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করা।

তিনি বলেন, ‘‘সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’’
কাউকে দীর্ঘদিন জীবনের অংশ করে রাখতে চাইলে পরিবারের সঙ্গে তার বন্ধন তৈরি করার পরামর্শ দিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে’ অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।’
এর কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, একপর্যায়ে একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন।

বর্ষার ভাষায়, ‘‘আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট।’’
সম্পর্ক টিকিয়ে রাখতে তাই শুধু অর্থ নয়, সময় ও আন্তরিকতার পাশাপাশি পারিবারিক সম্পৃক্ততার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বর্ষা বলেন, ‘‘তাই আমি সবসময় বলি আপনি যদি কারো সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। শুধু অর্থ দিয়ে নয়—সময়, ব্যবহার, আন্তরিকতা এবং আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে।’’
পছন্দের মানুষকে বাবা-মা ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘‘আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’’

সবশেষে বর্ষার বক্তব্য, কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবারের সঙ্গেও যুক্ত হয়, তখন সেই সম্পর্কে মায়া, সম্মান ও দায়বদ্ধতা আরও গভীর হয়।
তাই তার মতে, ‘‘কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









