হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নির্দেশনা অমান্য করে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বিমানবাহিনী ও আনসার সদস্যদের দায়িত্বশীল এবং সমন্বিত ভূমিকার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময় এক যাত্রীর স্বজন নিরাপত্তা প্রটোকল ও নির্দেশনা উপেক্ষা করে আগমনী গেট দিয়ে জোরপূর্বক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ডিউটিতে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নির্দেশ অমান্য করে পাশ কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে তিনি মাটিতে পড়ে যান।
ঘটনাটি দেখে সেখানে উপস্থিত কয়েকজন স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন। নিরাপত্তাজনিত কারণে বিমানবাহিনীর সদস্যদের নির্দেশনায় ভিডিও ধারণ করতে নিষেধ করলে তারা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরে ক্যানোপি-০২ এলাকায় থাকা অন্য স্বজনরাও সংঘবদ্ধ হয়ে আনসার সদস্যদের ঘিরে ফেলেন।
এমন পরিস্থিতিতে বিমানবাহিনী ও আনসারসহ দায়িত্বে নিয়োজিত অন্যান্য নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে উত্তেজিত যাত্রীর স্বজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পিসি হাবিবুর রহমান, আনসার মো. নুরুজ্জামান এবং আনসার মো. সাদেকুল সামান্য আহত হন এবং তাদের ইউনিফর্মেও সামান্য ক্ষতি হয়। তবে আহত হওয়ার পরও তারা নিজেদের মনোবল অটুট রেখে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরের মতো অতি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং দায়িত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা সকলের নাগরিক দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে সংযম ও শৃঙ্খলা বজায় রেখে বিমানবন্দরের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









