কক্সবাজারের টেকনাফে অপহরণের চার দিন পর ছামিউল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফয়সাল (১৮) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। সোমবার রাতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ছামিউল্লাহ নিজ বাসা থেকে টেকনাফের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে তাকে অপহরণ করা হয়েছে মর্মে তার পরিবারের পক্ষ থেকে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হয়।
এই অভিযোগের ভিত্তিতে ১৬ এপিবিএনের অধীন নয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছামিউল্লাহকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ফয়সালকে আটক করা হয়। আটক ফয়সাল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, উদ্ধারকৃত তরুণকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









