রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানের একপর্যায়ে একটি ব্যাগের ভেতর বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।”
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তার নেতৃত্বাধীন টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একটি ব্যাগের মধ্যে বেশ কয়েকটি বোমা পাওয়া যায়। এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে। আরও কিছু বিস্ফোরক রয়েছে, সেগুলো জনসাধারণের চলাচলের এলাকার বাইরে নিয়ে গিয়ে পরে নিষ্ক্রিয় করা হবে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে সেখানে আনুমানিক ২০টির মতো ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে।”
এদিকে, নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









