আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘আমরা সারা দেশের ৬৪ জেলায় ক্যাম্পেইন ও গণশুনানি করব।’’
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সারা দেশের ৬৪ জেলায় ক্যাম্পেইন ও গণশুনানি করব।’’
তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই আন্দোলনে শহীদ পরিবার, পঙ্গুত্ববরণকারী এবং আহত ব্যক্তিদের এই গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, ‘‘এনসিপি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এ কার্যক্রমে যুক্ত করা হবে।’’
চিফ প্রসিকিউটর আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা যখন যে জেলায় যাব, সেখানে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাবো। বিগত স্বৈরাচারী আমলে যারা ক্রসফায়ার, গুম ও অন্যান্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা নির্যাতনের মুখোমুখি হয়েছেন— তারা যেন আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তথ্য দিয়ে সহায়তা করেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








